সকাল-সন্ধ্যার আমল
রুটিনের মূল কাজটা হলো সকাল-সন্ধ্যার দোয়া। ফজর ও আসরের পর অ্যাপের 'দোয়া' সেকশনে থাকা সকাল-সন্ধ্যার দোয়াগুলো অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। এগুলো পড়লে শয়তান আর বদনজর থেকে বাঁচা যায়।
ঘুমানোর আগের আমল
প্রতিদিন রাতে ঘুমানোর আগে অজু করে নিন। এরপর দুই হাত একত্রে করে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে ফুঁ দিয়ে সারা শরীর মুছে নিন। এটি রাসূলুল্লাহ (সা.)-এর একটি নিয়মিত সুন্নাহ। এছাড়া আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ দুই আয়াত তিলাওয়াত করুন।
কুরআন তিলাওয়াত
রোজ একটু কুরআন পড়ুন। ঘরে সূরা বাকারা পড়লে শয়তান থাকে না। না পারলে অডিও শুনুন। নিজে পড়তে না পারলে অ্যাপের অডিও সেকশন থেকে শুনতে পারেন।
কী কী বিষয় লক্ষ্য রাখবেন?
১. গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখুন। গানবাজনা শোনা বা হারাম জিনিস দেখা থেকে বিরত থাকুন। ২. রুকইয়াহ করার সময় যদি শরীরে কোনো প্রতিক্রিয়া হয় (যেমন: কাঁপুনি, অতিরিক্ত হাই ওঠা, কান্না পাওয়া), তবে ভয় পাবেন না। এটি স্বাভাবিক। রুকইয়াহ চালিয়ে যান। ৩. যদি শারীরিক বা মানসিক অবস্থা খারাপ হতে থাকে, তবে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। রুকইয়াহ এবং ডাক্তারি চিকিৎসা একসাথে চলতে বাধা নেই।
রুটিনে যেসব জিনিস কাজে লাগে
রুকইয়াহর সাথে কিছু জিনিস ব্যবহার করা হয়। এগুলো নিজে রুকইয়াহ না। সাহায্য করে, এটুকুই। মধু, পানি, তেল — এসবকে সাপ্লিমেন্ট বলে। শর্ত একটাই। জিনিসটা শরিয়াহসম্মত হতে হবে। আর চিকিৎসকের মতেও উপকারী হতে হবে। আরোগ্য দেন আল্লাহ। এগুলো শুধু মাধ্যম। এটা মাথায় রাখলে আর ভুল হবে না। পানি দিয়ে শুরু করি। পড়া পানি খাওয়া যায়। গোসল করা যায়। ঘরে ছিটানো যায়। জমজমের পানি সবচেয়ে ভালো। এরপর বৃষ্টির পানি। তারপর সাধারণ পানি। একটা ভুল অনেকেই করে। পড়া পানি গরম করে ফেলে। এটা করবেন না। গোসলের জন্য গরম পানি আলাদা মেশাতে পারেন, কিন্তু পড়া পানিটা গরম করবেন না। মধু সরাসরি খাওয়া যায়। পানিতে গুলিয়েও খাওয়া যায়। কালোজিরা খাওয়া যায়, তেল মালিশ করা যায়। অলিভ অয়েল, মানে যায়তুনের তেল, ব্যথার জায়গায় মালিশ করা হয়। বরই পাতার গোসলটা অনেকেই জানে। ৭টা সবুজ পাতা বেটে পানিতে মেশান। আয়াতুল কুরসি আর তিন কুল তিনবার করে পড়ে গোসল করুন। তাজা পাতা না পেলে? শুকনো পাতা চলবে। গুঁড়োও চলবে। বানাবেন কীভাবে। পানি বা তেলের কাছে মুখ নিয়ে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস পড়ুন। তারপর ফুঁ দিন। ফুঁ দিতে না চাইলে হাত রেখে পড়তে পারেন। একই জিনিস কয়েকদিন ধরে পড়া যায়। আরেকজন পড়ে দিলেও ব্যবহার করা যায়। কোনো সমস্যা নেই। তিনটা অবস্থায় একটু খেয়াল রাখবেন। মাসিকের সময় কুরআন পড়া যায় না। তাই আগে থেকে পড়া পানি ব্যবহার করুন। অথবা অন্য কেউ পড়ে দিক। গর্ভাবস্থায় জটিল সাপ্লিমেন্ট এড়িয়ে চলুন। হিফাজতের দোয়া চালিয়ে যান, সেটা বন্ধ করবেন না। রোজায় দিনে খাওয়া যাবে না। সাহরি বা ইফতারে খাবেন। গোসল আর তেল মালিশ রোজায়ও করা যায়।

