শিফা আল কুরআন লোগো
শিফা আল কুরআন
ব্লগে ফিরে যান
রুকইয়াহ সম্পর্কে জানুন১৫ আগস্ট, ২০২৬

রুকইয়াহ করার আগে জরুরি বিষয়

লেখক
শিফা আল কুরআন
পড়ার সময়
৫ মিনিট
রুকইয়াহ করার আগে জরুরি বিষয়
রুকইয়াহ শুরুর আগে মন আর আমল ঠিক করে নিন। এতে রুকইয়াহ বেশি কাজে লাগবে।

১. আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল

রুকইয়াহর মূল জিনিসটা হলো তাওয়াক্কুল। আল্লাহর ওপর ভরসা। এই দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে, আল্লাহ ছাড়া কেউ সুস্থতা দিতে পারে না। কুরআনের আয়াত বা দোয়াগুলো হলো সুস্থতা লাভের মাধ্যম মাত্র। আরোগ্য দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।

২. হালাল রিযিক ও তাওবা

দোয়া কবুলের অন্যতম শর্ত হলো হালাল উপার্জন এবং হালাল খাবার গ্রহণ করা। রুকইয়াহ শুরু করার আগে নিজের অতীতের গুনাহগুলোর জন্য আন্তরিকভাবে তাওবা করা উচিত। গুনাহ থাকলে রহমত-বরকতে বাধা পড়ে। তাই আগে তাওবা করুন।

৩. ফরজ ইবাদতে যত্নবান হওয়া

পাঁচ ওয়াক্ত সালাত সময়মতো আদায় করা রুকইয়াহর পূর্বশর্ত। যে ব্যক্তি ফরজ ইবাদতে অবহেলা করে, তার জন্য রুকইয়াহ পুরোপুরি কার্যকর নাও হতে পারে। বিশেষ করে ফজর ও আসরের সালাতের প্রতি বিশেষ যত্নবান হতে হবে।

৪. ধৈর্য ও ধারাবাহিকতা

অসুস্থতা অনেক সময় দীর্ঘস্থায়ী হতে পারে। রুকইয়াহ শুরু করেই সাথে সাথে ফল আশা করবেন না। ধৈর্য ধরতে হবে এবং ধারাবাহিকভাবে রুকইয়াহ চালিয়ে যেতে হবে। হতাশ হয়ে রুকইয়াহ ছেড়ে দেওয়া শয়তানের একটি বড় ধোঁকা।

অনেকদিন ধরে করছেন, তবু কাজ হচ্ছে না?

অনেকদিন রুকইয়াহ করছেন। সমস্যা এক জায়গায় ঘুরপাক খাচ্ছে। এমন হলে কয়েকটা জিনিস আবার চেক করুন। চারটা কথা বলি। এক। সরাসরি রুকইয়াহ করেছেন কিনা। নিজে করা এক জিনিস। অভিজ্ঞ রাকির কাছে সরাসরি করা আরেক জিনিস। ভালো রাকি চিনতে হবে। কবিরাজ আর রাকির পার্থক্য বুঝতে হবে। এটা না বুঝলে ভালো রাকি খুঁজে পাবেন না। দুই। ঘরটা আবার খুঁজুন। তন্ন তন্ন করে। 'তাবিজ ব্যবহার করি না', 'আগে ফেলে দিয়েছি' — এসব কথা থাক। খুঁজতে বলা হয়েছে, খুঁজুন। না পেলে তো নাই। পেয়ে গেলে সেটাই হয়তো আটকে থাকার কারণ। বালিশ টিপে দেখুন। তোশক উল্টে দেখুন। আলমারির কাপড়ের ফাঁকে দেখুন। গাছে কিছু ঝুলছে কিনা দেখুন। তিন। ঘর থেকে প্রাণীর ছবি, পুতুল, মূর্তি বের করে দিন। বাচ্চাদের খেলনা বের করা না গেলে? এমন ঘরে বস্তাবন্দী করে রাখুন, যেখানে রুকইয়াহ বা ইবাদত করেন না। চার। রুকইয়াহ শুরুর ১-২ মাস পর আবার খুঁজুন। প্রথমবার না পাওয়া জিনিস পরেরবার পাওয়া যায়। আর একটা কথা। আপনি বাসায় না থাকলে কেউ লুকিয়ে কিছু রেখে যেতে পারে, এমন আশঙ্কা থাকলে বাসায় সিসি ক্যামেরা লাগান। নিরাপত্তার কাজেও লাগবে।